Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চুয়েটের নতুন উপাচার্যকে অবরুদ্ধ করলো শিক্ষার্থীরা, বাসে ছাত্রকে মারধরের অভিযোগ

বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চুয়েটের নতুন উপাচার্যকে অবরুদ্ধ করলো শিক্ষার্থীরা, বাসে ছাত্রকে মারধরের অভিযোগ


​বিশেষ প্রতিনিধি, চুয়েট:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ভবনের ভেতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সাথে চুয়েটগামী বাসে এক শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

​সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে অনলাইনে দায়িত্ব গ্রহণের ১৮ দিন পর প্রথমবারের মতো ক্যাম্পাসে এসে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নতুন উপাচার্য। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে দুপুর ১২টার মধ্যে তাকে ভবন ত্যাগের আলটিমেটাম দেন। নির্ধারিত সময় পার হলেও তিনি বের না হওয়ায় শিক্ষার্থীরা ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

​শিক্ষার্থীদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের সিদ্ধান্ত বাতিল করে তাকে পুনরায় পদে বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন ও প্রশাসনিক ভবনের অবরুদ্ধ অবস্থা অব্যাহত থাকবে।

​অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় চুয়েটগামী বাসে আমিরুল কুদ্দুস নামে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী যন্ত্রকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র।

​শিক্ষার্থীর ওপর এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিকেলে চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ক্যাম্পাসে এক প্রতিবাদী মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া সাবেক চুয়েট শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

​উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব পালনের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য নিয়োগ দেয়া হয়। এ সিদ্ধান্তের পর থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF