Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : প্রখ্যাত অভিনেত্রী নাসিমা খান আর নেই, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া

প্রখ্যাত অভিনেত্রী নাসিমা খান আর নেই, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া


​বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অন্যতম গুণী অভিনেত্রী নাসিমা খান আর নেই। রবিবার (১১ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে দ্রুত উত্তরার ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

​১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত বিশ্বখ্যাত ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন নাসিমা খান। তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে স্বীকৃত এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে তিনি আত্মপ্রকাশ করেন।

​এরপর ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে প্রথমবার প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা আনিস। প্রথম সিনেমাতেই চমৎকার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন তিনি।

​ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত দীর্ঘ পথচলায় বাংলা ও উর্দু—উভয় ভাষার চলচ্চিত্রে নিয়মিত ও সফলভাবে অভিনয় করেছেন নাসিমা খান। তার সাবলীল অভিনয় তাকে ঢালিউডের তৎকালীন শীর্ষ তারকাদের কাতারে এনে দেয়।

​দীর্ঘ সময় পর্দা থেকে দূরে থাকার পর ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় তাকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায়।

​তার মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই অভিনেত্রীর প্রয়াণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF