উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান):
বান্দরবানের লামায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনাল ম্যাচ। খেলায় শক্তিশালী চকরিয়া গাবতলী একাদশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মধুঝিরি রেনেসাঁ স্পোর্টিং ক্লাব (মধুঝিরি ইয়ং স্টার)।
রোববার অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা। তিনি খেলা পরিচালনা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, "খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখে এবং তাদের ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখে। তরুণদের ক্রীড়ামুখী করতে এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।"
খেলায় একক আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন দল মধুঝিরি রেনেসাঁ স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন লামার আরিফ মিয়া। পুরো টুর্নামেন্টজুড়ে নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন সাকিব রানা এবং সেরা গোলকিপারের ট্রফি লাভ করেন লামার নাজিম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও বিপুল সংখ্যক যুবসমাজ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।