Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক জেলার বরখাস্ত

১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক জেলার বরখাস্ত


​নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬

​তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি বিল পাস করে সরকারি ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মো. আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় কারাগারের খোরাকি রেশন খাতে সরকারি অর্থ আত্মসাৎ ও বিভিন্ন আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

​প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কারাগারের আর্থিক বিভাগীয় নিরীক্ষা (অডিট) প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ মেলে। এরপর অভিযোগটি বিস্তারিত খতিয়ে দেখতে কারা অধিদপ্তর থেকে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দাখিল করে।

​তদন্ত প্রতিবেদনের বরাতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ অর্থবছরে তিনটি নামসর্বস্ব ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি বিল অনুমোদন ও পাস করানো হয়। প্রতিষ্ঠান তিনটি হলো—‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ এবং ‘শুভ স-মিল’। এসব ভুয়া বিলের মাধ্যমে মো. আব্দুল ফাত্তাহ ও সংশ্লিষ্ট চক্র মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে প্রশাসনিক ও সরেজমিন তদন্তে প্রমাণিত হয়।

​গুরুতর এই আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF