মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। জেলা গঠিত ৮টি ডেডিকেটেড টিমের আওতায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া ও হালুয়াবান্ধা স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ৮নং টিমের সদস্যরা হাজিপাড়া ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটান এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলসমূহ চিহ্নিত করে ধ্বংস করেন। পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে স্থানীয় অধিবাসীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ এবং দিনব্যাপী মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও পৌর কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এছাড়া স্কাউট ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযান শেষে উপস্থিত কর্মকর্তারা জানান, "ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।" এ সময় তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখার উদাত্ত আহ্বান জানান।