নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় রাজধানী মডেল স্কুলের শিক্ষার্থীদের ব্যবহৃত খেলার মাঠের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ফিউচার হাউজিংয়ের ম্যানেজমেন্টের এস এম আহম্মেদ আলী, শামীম কোম্পানি ও ম্যানেজার সুমনসহ প্রায় ৩০ থেকে ৪০ জন ব্যক্তি ওই জায়গায় গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেন। তবে জায়গাটির প্রকৃত মালিকানা ও আইনগত অবস্থান এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
রাজধানী মডেল স্কুল কর্তৃপক্ষ বলছে, ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠটি গুরুত্বপূর্ণ। মাঠের ব্যবহার বাধাগ্রস্ত হলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়বে।
স্কুল কর্তৃপক্ষ আরও দাবি করেছে, সংশ্লিষ্ট হাউজিং এলাকায় শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠসহ বিভিন্ন নাগরিক সুবিধার ঘাটতি রয়েছে। ফলে বিদ্যমান মাঠটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জায়গাটির মালিকানা ও আইনগত অবস্থান নিরপেক্ষভাবে যাচাই, শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত এবং কোনো ধরনের জোরপূর্বক দখল বা বাধা সৃষ্টি হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, তারা কোনো পক্ষের বৈধ মালিকানা বা আইনগত অধিকার অস্বীকার করছে না। তাদের মূল দাবি হলো—জায়গাটির প্রকৃত মালিকানা নির্ধারণ করে শিক্ষার্থীদের খেলাধুলার অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকরা।