নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
চাঁদা দাবি ও নিরাপত্তার আশঙ্কায় গত তিন দিন ধরে বান্দরবান-থানচি সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাস বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসচালক আব্দুল খালেক জানান, সড়কে নির্বিঘ্নে বাস চলাচল স্বাভাবিক রাখতে একটি সশস্ত্র সংগঠনের পক্ষ থেকে বছরে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ নিয়ে গত তিন মাস ধরে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় গত ৭ অক্টোবর থেকে স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ রাখা হয়।
বাস মালিক সমিতির তথ্যমতে, সশস্ত্র সংগঠনের সদস্যরা চালকদের গাড়ি চালাতে নিষেধ করার পাশাপাশি অন্যথায় অপহরণের হুমকি দিয়েছেন। ফলে বাধ্য হয়েই মালিক ও চালকেরা গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন।
এদিকে, নিয়মিত বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। নির্ধারিত ৩২০ টাকার ভাড়ার পরিবর্তে তাঁদের এখন বিকল্প বাহন হিসেবে 'চাঁদের গাড়িতে' (জিপ) যাতায়াত করতে হচ্ছে এবং গুণতে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ ৫৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ভাড়া। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী চাকরিজীবী ও শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে মারাত্মক বিপাকে পড়েছেন।