নয়াদিল্লি:
সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার লড়াইয়ে আগামী সোমবার রাজধানী দিল্লিতে বড়ো ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর মোর্চা ‘ইন্ডিয়া জোট’। এই ইস্যুতে এরই মধ্যে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী সোমবার প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচন কমিশনকে আড়াল করার এই অপপ্রচেষ্টাই বর্তমান সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।
কে সি বেণুগোপাল আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির বর্তমান আচরণ দেখে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এবং বিরোধীদের এই আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন। বিরোধী দলগুলোর কর্মসূচি ঠেকাতে দিল্লিতে সরকার কার্যত লকডাউন জারি করেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে দলের কঠোর নজরদারির কথা উল্লেখ করার পাশাপাশি নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির ‘পদ্ম’ প্রতীক ভেসে ওঠার মতো সাম্প্রতিক বিতর্কিত ঘটনাগুলোর প্রতিও সকলের দৃষ্টি আকর্ষণ করেন এই বিরোধী নেতা।