নয়াদিল্লি:
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজিপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবারে (১০ অক্টোবর) নির্ধারিত এই কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা ও কড়াকড়ি আরোপ করেছে নরেন্দ্র মোদি সরকার।
বিক্ষোভস্থলে যাওয়ার আগেই যন্তরমন্তর ও আশপাশের এলাকা ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের এই কঠোর অবস্থানের মধ্যে হার্ড নিউজের এডিটর ও রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, বিক্ষোভকারীরা আসলে কী করতে পারে—সেই অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপি সরকার।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, বিষয়টি অত্যন্ত অবাক করার মতো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চরম আতঙ্কে রয়েছে। বিক্ষোভকারীরা কী পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে তারা শঙ্কিত।
তিনি আরও বলেন, “তারা ট্রেন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, বিক্ষোভকারীরা বিক্ষোভস্থল যন্তরমন্তরে আসতে পারে এমন যে কোনো বাহন তারা বন্ধ করে দিয়েছে। সত্যিটা হলো বিজেপি ও কেন্দ্রীয় সরকার খুবই আতঙ্কিত যে এই আন্দোলন কোথায় গড়াবে।”
শনিবারের এই কর্মসূচিতে অংশ নিতে আসা আন্দোলনকারীদের কাউকেই যন্তরমন্তরে পৌঁছাতে দেওয়া হয়নি। দিল্লির যন্তরমন্তর ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আশপাশের এলাকায় যারাই গেছেন, তাদেরকেই আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি আটককৃত বিক্ষোভকারীদের রাখার জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।
পুলিশের এই কঠোর পদক্ষেপের জবাবে ককরোচ পার্টির পক্ষ থেকে বিক্ষোভকারীদের প্রতি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির নির্দেশ অনুযায়ী, প্রশাসন যেখানেই তাদের আটকাবে, সেই স্থানকেই ‘যন্তরমন্তর’ বানিয়ে সেখানে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় আলজাজিরাকে আরও বলেন, বিক্ষোভে অংশ নিতে আসা সাধারণ মানুষের কেউই আর মোদির বিজেপি সরকারের শাসন দেখতে চান না।
তার মতে, “মোদি সরকার এ মুহূর্তে তাদের গ্রহণযোগ্যতা হারানো শুরু করেছে। বিজেপি ভীত যে রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে নেই এবং ক্ষমতায় ফিরে আসা তাদের জন্য অনেক কঠিন হবে।”
উপর্যুক্ত ভিডিওগুলোতে দিল্লির যন্তরমন্তর এলাকায় ককরোচ পার্টির বিক্ষোভ, পুলিশের ব্যাপক কড়াকড়ি এবং নেতাকর্মীদের আটকের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।