Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ সীমান্ত সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারে পাল্টা আত্মরক্ষামূলক ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বিজিবির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) আওতাধীন বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। আহত সাহাজুল ইসলাম জামালপুর গ্রামের সাবাজ মণ্ডলের ছেলে। তিনি সীমান্ত এলাকায় নিজের জমিতে কৃষিকাজ করার সময় বিএসএফের ছোঁড়া গুলিতে পায়ে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

​ঘটনার পরপরই সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি মোকাবিলা ও সীমান্তবর্তী স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তাদের নিয়মিত টহল জোরদার করে। বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক অবস্থান নেন এবং পাল্টা ফায়ার করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া সেক্টর কমান্ডার (৪৭ বিজিবি) কর্নেল ইখতেখার জানান, "সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।"

​বর্তমানে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি তদারকি করা হচ্ছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF