Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর): বিরোধী দল যদি তার যথাযথ ভূমিকা পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তবে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় ‘গুপ্ত জামায়াতকে’ নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “গত ১৭ বছর ধরে আমরা নির্যাতন, হামলা-মামলা এবং গুমের শিকার হয়েছি। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।”

​বিদ্যুৎ খাতের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে। পরবর্তীতে ইউনূস সরকারের আমলেও এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বা কাজ হয়নি। তবে বর্তমান সরকার নিজস্ব সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে এবং সুচারুভাবে এ খাতকে স্বাভাবিক করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করে শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের ভেতর যেন কোনোভাবেই স্বৈরাচারী ও সুবিধাবাদী শক্তি প্রবেশ করে ক্ষতিসাধন করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে।

​মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, যারা মুক্তিযোদ্ধাদের অবদানকে আড়াল করতে চায় কিংবা তাঁদের অপমান করার অপচেষ্টা চালায়, বিএনপি সব সময়ই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং থাকবে।

​নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF