Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর


​খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামে জেলা পুলিশের এক পরিদর্শক (ইনস্পেক্টর) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে সদর থানাধীন খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা গেছে, 'এ' সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম রাতে একটি বিশেষ অভিযান শেষ করে রিকশায় করে নগরীর শান্তিধাম মোড়স্থ পুলিশ ক্লাবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজনের একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। তারা অস্ত্রের মুখে শাহ আলমের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো চাপাতি দিয়ে কোপ দেয়, এতে তার দুই হাতের কব্জির ওপরের অংশ গুরুতর জখম হয়।

​ঘটনার পর স্থানীয় ও পুলিশের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, আহত পুলিশ পরিদর্শককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF