আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে দেশটির পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। রোববার এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।
বার্তায় খামেনি উল্লেখ করেন, নিরাপত্তা হলো মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ একটি উপহার। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত দেশজুড়ে এই সার্বিক নিরাপত্তা বজায় রাখার পেছনে মূল ভিত্তি হিসেবে কাজ করছে পুলিশ বাহিনী।
ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সামরিক ও অন্যান্য কৌশলগত যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শত্রুভাবাপন্ন মার্কিন-সাইয়ুনিস্ট চক্র ইরানের সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কমান্ডার থেকে শুরু করে একদম সামনের সারির কর্মীদের লক্ষ্য করে ক্রমাগত আঘাত হানার চেষ্টা চালিয়াছে। তবে শত্রুপক্ষের অব্যাহত চাপ ও আক্রমণ সত্ত্বেও পুলিশ বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব পালন থেকে বিন্দুমাত্র পিছপা হয়নি।
বাহিনীর আধুনিকীকরণের ওপর জোর দিয়ে খামেনি বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া দক্ষ মানবসম্পদ গঠন এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতের সার্বিক উন্নয়নের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, শিয়া ধর্মীয় বিশ্বাস মতে অভিভাবক 'ইমাম মাহদীর' দোয়ার বরকতে ইসলামিক ইরান ভবিষ্যতে নিরাপত্তা, শক্তি ও মর্যাদার ক্ষেত্রে আরও বহুদূর এগিয়ে যাবে এবং পুলিশ বাহিনী তাদের এই অগ্রযাত্রায় সাফল্যের ধারা বজায় রাখবে।
পরিশেষে খামেনি ইরানের পুলিশ বাহিনীর সাহসী প্রধান কমান্ডারসহ সর্বস্তরের সদস্যের নিষ্ঠাপূর্ণ ত্যাগ ও প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।