ঢাকা: রেলওয়ের বহুল আলোচিত টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধে এবং ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মাত্র এক মাসের জন্য পূর্ণ দায়িত্ব ও স্বাধীনতা চেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। নির্দিষ্ট এই সময়ের মধ্যে বিনা বেতনে ও কোনো বিশেষ পদ-পদবি ছাড়াই এ সমস্যার দৃশ্যমান সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই আকুতি জানান।
স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাকে ক্ষমতা দিন মাত্র এক মাসের জন্য। এই এক মাসে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করে দেখাব ইনশাআল্লাহ। পদ, পদবি, আলাদা চেয়ার-টেবিল—কিছুই লাগবে না। বিনা পয়সায় সার্ভিস দেব। শুধু যাতায়াতের জন্য একটা গাড়ি দেবেন। আর কিছু লাগবে না।"
একই সঙ্গে রেলে অনাকাঙ্ক্ষিত ও মারাত্মক ঝুঁকিপূর্ণ পাথর নিক্ষেপের ঘটনা বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক এই সদস্য।
তিনি আরও লেখেন, "রেলে পাথর মারাও বন্ধ করে দেব একদম। শুধু এক মাস ক্ষমতা বা স্বাধীনতা দিন। পুলিশ, র্যাব ও রেলের সিকিউরিটি আমার সঙ্গে থাকবে। সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন সার্বক্ষণিক। টিকিট বিক্রি শুরু হওয়া থেকে মনিটর করব স্টেশনে বসে বা যেখানে খুশি।"
রেল খাতে এর আগে দায়িত্ব পালন করার অভিজ্ঞতার কথা তুলে ধরে মাহবুব কবীর মিলন দাবি করেন, যথাযথ প্রশাসনিক ক্ষমতা ও স্বাধীনতা পেলে খুব অল্প সময়েই এই খাতকে দুর্নীতিমুক্ত ও যাত্রীবান্ধব করা সম্ভব।
তার এই ফেসবুক স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ রেলযাত্রী ও নেটিজেনরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন।