Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: শেলা নদী থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: শেলা নদী থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


​বিশেষ প্রতিনিধি: সুন্দরবনের শেলা নদীর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও উপস্থিতি টের পেয়ে গহীন বনে পালিয়ে যাওয়ায় ডাকাত দলের কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনে সম্প্রতি সক্রিয় হয়ে ওঠা বনদস্যু দমনে এবং উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' ও 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান চালু রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাগেরহাটের মোংলা থানাধীন শেলা নদীর ফরেস্ট অফিস এলাকায় একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।

​সংবাদ পেয়ে রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস অভিযানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গহিনে আত্মগোপন করে। পরবর্তীতে ওই এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা উক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত স্থানীয় জনগণ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এমন যৌথ ও একক অভিযান অব্যাহত থাকবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF