টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে। অভিযানকালে আন্তর্জাতিক সমুদ্রসীমানায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা পাচারকারীরা ৩টি বস্তা সাগরে ফেলে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে পানি থেকে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, “দেশের উপকূলীয় অঞ্চল ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদক পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”