নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সড়ক পরিবহন খাতে বছরের পর বছর ধরে চলে আসা আইন বহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই নতুন কমিটির মাধ্যমেই পরিবহন খাতের মাফিয়াবৃত্তির চিরতরে অবসান ঘটবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি নেতা।
সড়ক পরিবহন খাত পুনর্গঠনে নতুন পরিকল্পনার কথা জানিয়ে রিজভী বলেন, "নতুন নতুন আইডিয়া ও আধুনিক পরিকল্পনার মাধ্যমে পুরো পরিবহন খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের যে অচলাবস্থা তৈরি হয়েছে তা দূর করে এই খাতকে আইনের আওতায় আনা হবে এবং যাত্রীসেবায় একটি ইতিবাচক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।"
রাজনৈতিক স্থিতিশীলতা ও খাতের সুশাসনের বিষয়ে রিজভী আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকানোর দায়িত্ব যখন রাজনীতিবিদদের হাতে আসবে, তখন গত ১৭ বছরের নৈরাজ্য ও বিশৃঙ্খলার অবসান সম্ভব হবে।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণকালে বিএনপি ও নবগঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।