নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফলের আড়ত এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
বুধবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে আব্দুল্লাহপুর ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার দোহারের নারিশা এলাকার মো. আল আমিন (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. খোকন (৫৩), ময়মনসিংহের নান্দাইলের মো. শাহিন মিয়া (৩২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের রবিউল ইসলাম ওরফে রবিন (২০)।
র্যাব-১ সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর ফলের আড়তে প্রতিদিন বিপুল অঙ্কের ফল কেনাবেচা হয়। ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ ছিল, সেখানে নিয়মিত চাঁদা দাবি ও আদায় করা হতো। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে চাঁদাবাজিতে লিপ্ত থাকা অবস্থায় অভিযুক্ত চারজনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।