মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ও মাদক রেখে কৌশলে পালিয়ে গেছে মাদক কারবারিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার রূপনগর পেট্রোল পাম্পের সামনে থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষটি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ-১২-৫৫০১) মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয় জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ গাড়িটি থামানোর সংকেত দিলে চালক না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ পেছনে ধাওয়া করলে রূপনগর পেট্রোল পাম্পের সামনে প্রাইভেটকারটি ফেলে রেখেই দ্রুত সটকে পড়ে মাদক কারবারিরা। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া কারবারিদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।