Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ২০৩ কোটি টাকায় ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

২০৩ কোটি টাকায় ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিনিধি | পঞ্চগড়

​পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের জন্য ২০৩ কোটি ৫২ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে দুই পারের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।

​বুধবার একনেক সভায় অনুমোদিত এ প্রকল্পটি পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে। সেতুটি তেঁতুলিয়ার ভজনপুর থেকে পঞ্চগড় সদরের মীরগড় সড়কের সংযোগ নিশ্চিত করবে।

​বর্তমানে জরাজীর্ণ কাঠের সেতু দিয়ে প্রতি পারাপারে ১০ টাকা টোল দিয়ে চরম ঝুঁকিতে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। বর্ষাকালে পণ্য পরিবহন, চিকিৎসাসেবা ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। সেতু অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে বুধবার বিকেলে নদীর দুই তীরে আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা এবং মিষ্টি বিতরণ করেন।

​পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী জানান, প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে আঞ্চলিক কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF