Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : পটুয়াখালীতে কলেজছাত্রকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে কলেজছাত্রকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার


​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন, মোবাইল ফোন ছিনতাই এবং এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে মো. সাইফুর রহমান সাকিব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত সাইফুর রহমান সাকিব পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক। অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী মনিরুল ইসলাম একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই লিমন মাহমুদ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

​মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে মনিরুলকে একদল ব্যক্তি তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখে। সেখানে তাঁর ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাঁর ব্যবহৃত 'স্যামসাং এস২৫ আল্ট্রা' (Samsung S25 Ultra) মডেলের মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করার পর অভিযুক্তরা তাঁকে ছেড়ে দেয় বলে দাবি ভুক্তভোগীর।

​তবে গ্রেপ্তারের আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান সাকিব জানিয়েছিলেন, "আমরা মনিরুলকে কোনো মারধর করিনি। গভীর রাতে তিনি আমাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। তাঁর কাছ থেকে কোনো মোবাইল ফোন বা টাকা নেওয়া হয়নি; আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।"

​এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "অভিযোগের ভিত্তিতে সাইফুর রহমান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF