Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ‘কখনো ভাবিনি ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হব’: স্কালোনি

‘কখনো ভাবিনি ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হব’: স্কালোনি


​ক্রীড়া প্রতিবেদক

​স্বপ্নের মতো এক পথচলার শেষ প্রান্তে এসে স্মৃতির পাতায় ডুব দিলেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে এক আবেগঘন আবহ তৈরি হয়। সেসময় স্কালোনি স্মরণ করলেন সেই অবিশ্বাস্য যাত্রার কথা, যা তার কাছে ছিল কল্পনারও অতীত।

​মেসিকে কোচ হিসেবে পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্কালোনি বলেন, “আমি কখনো ভাবিনি যে ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হব। তাঁর সঙ্গে থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ।”

​দীর্ঘদিনের এই ঐতিহাসিক কোচ-অধিনায়ক জুটির সমাপ্তিতে স্কালোনি স্বীকার করেন, ইতিহাসের সেরা এই ফুটবলারকে আলবিসেলেস্তেদের জার্সিতে মাঠে আর দেখতে না পাওয়ার কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে। আর্জেন্টিনার হয়ে একসঙ্গে চারটি বড় শিরোপা জয়ের গৌরব অর্জন করা এই সফল কোচ সংবাদমাধ্যমে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “চোখের জল আসার কারণ আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। তাকে আর দেখতে না পাওয়াটা খুবই কষ্টের হবে।”

​মেসির মাঠের জাদুকরী ক্ষমতার কথা উল্লেখ করে স্কালোনি আরও যোগ করেন, মাঠে দলের যেকোনো কঠিন মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার বা জট খুলে দেওয়ার ক্ষমতা কেবল মেসিরই ছিল, যা অন্য কারও মধ্যে দেখা যায়নি। “যে খেলোয়াড়টি তার প্রতিভা দিয়ে যেকোনো মুহূর্তে ম্যাচ খুলে দিতে পারত, সে আর আপনাদের কাছে নেই,” বলেন তিনি।

​ভবিষ্যতে তরুণদের নিয়ে দল গোছানোর চ্যালেঞ্জ প্রসঙ্গে এই বিশ্বজয়ী কোচ স্পষ্ট জানান, ফুটবল জাদুকরকে হারানোর শূন্যতা কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়। মেসির অবদান ও ড্রেসিংরুমে তার প্রভাব স্মরণ করে তিনি বলেন, “মাঠে তার মতো আর কখনো কাউকে দেখা যাবে না। আমরা যতই দলটাকে নতুন করে গড়ে তুলি না কেন, আমি আর কারও মধ্যে তার মতো সেই আভা দেখিনি। তিনি যে অনুভূতি তৈরি করতেন, তা আর থাকবে না। তাকে উপভোগ করতে পারাটা ছিল অসাধারণ, এখন আমাদের তাকে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে।”

​এদিকে, বিদায়বেলায় বিশ্বজয়ী মহাতারকা মেসি নিজেও আবেগ চেপে রাখতে পারেননি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংক্ষেপে বলেন, “যেতে চাই না, খুব মিস করবো।”

​তবে ভক্তদের জন্য আশার কথা হলো—মেসির বিদায় ঘটলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব সামলানো চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে চললেও তিনি বলেন, “সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে আমি কোচ হিসেবে আমার দায়িত্ব চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। আমি সেটিই সঙ্গে করে নিয়ে যাব।”

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF