Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বিমান বাংলাদেশের কার্যালয়ে সাংবাদিকরা প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিমান বাংলাদেশের কার্যালয়ে সাংবাদিকরা প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিশেষ প্রতিনিধি:

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা। ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নির্দেশে দুই দিনের জন্য এই ভবনে সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে রাজধানীর কুর্মিটোলাস্থ বিমান সদরদপ্তরে (বলাকা) তথ্য ও সংবাদ সংগ্রহ করতে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নিরাপত্তাকর্মীদের বাধার মুখোমুখি হন। ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ থাকায় কোনো সাংবাদিককে ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

​সাংবাদিকদের প্রবেশে এমন বাধার কারণ জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বিষযটি নিশ্চিত করেন। তিনি জানান, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের সরাসরি নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

​মহিউদ্দিন আহমেদ বলেন, "এমডি স্যার নির্দেশ দিয়েছেন আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দেওয়া হয়।" এসময় তিনি সাংবাদিকদের আগামী দুই দিন ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানান।

​তবে হঠাৎ করে কোনো কারণ দর্শানো ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের প্রবেশ কেন বন্ধ রাখা হলো, সে বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি এই গুরুত্বপূর্ণ সংস্থায় সাংবাদিকদের প্রবেশে এমন আকস্মিক নিষেধাজ্ঞায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে কর্মরত সাংবাদিকরা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF